শুক্রবার ১৬ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে ভারতে প্রবেশ, বিএসএফের হাতে আটক দুই পুলিশ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Two police officers detained by the BSF after entering Indian territory while pursuing a trafficker along the Comilla border.
কুমিল্লায় মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে ভারতে প্রবেশ, বিএসএফের হাতে আটক দুই পুলিশ/ছবি : সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে আটকা পড়েছেন পুলিশের দুই সদস্য। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আটকে পড়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। তাঁদের দেশে ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে দায়িত্ব পালন করছিলেন ব্রাহ্মণপাড়া থানার কয়েকজন পুলিশ সদস্য। এ সময় আশাবাড়ী সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত দেওয়ান তাঁর পিছু নেন।

একপর্যায়ে ধাওয়া করতে গিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যান রোহিত দেওয়ান। সেখানে কয়েকজন ভারতীয় নাগরিক তাঁকে আটকে রাখেন। পরে কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন সেখানে গেলে তাঁকেও আটকে রাখা হয়।

এ সময় ঘটনাস্থলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের ডাকা হয়। পরে বিএসএফ সদস্যরা দুই পুলিশ সদস্যকে নিজেদের হেফাজতে নেন।

পুলিশের একটি সূত্র জানায়, দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বিএসএফ তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করতে পারে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, ভারতের অভ্যন্তরে আটকে পড়া দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে বিজিবির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাঁদের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।

আরও পড়ুন