
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চিপস কিনে দেওয়ার কথা বলে দুই শিশুসন্তানকে বাজারের রাস্তার পাশে রেখে চলে যাওয়ার ঘটনায় মানবিক সহায়তা নিয়ে শিশু দুটির পাশে দাঁড়িয়েছে পুলিশ। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ শিশু দুটির জন্য শিশুখাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেয়। বর্তমানে শিশু দুটি তাদের বাবা নূর মোহাম্মদ নাছির আলমের কাছে রয়েছে।
সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বরুড়া উপজেলার বাসিন্দা জেসমিন আক্তারের সঙ্গে ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের নূর মোহাম্মদ নাছির আলমের বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে ইসরাত (৮) ও রোজা মনি (১৮ মাস) নামে দুই মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন জেসমিন।
সম্প্রতি জেসমিন অন্যত্র বিয়ে করার পর দুই সন্তানকে নিয়ে বিপাকে পড়েন। গত ১১ অক্টোবর দুপুরে দুই মেয়েকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণপাড়া বাজারে যান তিনি। পরে সাবেক স্বামী নূর মোহাম্মদ নাছির আলমকে মুঠোফোনে বাজারে আসার কথা জানিয়ে শিশু দুটিকে নিয়ে যেতে বলেন। তবে ওই সময় নাছির আলম কুমিল্লা শহরে অটোরিকশা চালাচ্ছিলেন।
একপর্যায়ে ছোট দুই শিশুকে চিপস কিনে আনার কথা বলে বাজারের রাস্তার পাশে বসিয়ে রেখে চলে যান জেসমিন। পরে মাকে দেখতে না পেয়ে শিশু দুটি বাজারের বিভিন্ন স্থানে কান্নাকাটি ও ছোটাছুটি করতে থাকে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে শিশু দুটির চাচি শিরিনা বেগম বাজারে গিয়ে তাদের শনাক্ত করেন এবং নিজ বাড়িতে নিয়ে যান।
শিশু দুটির বাবা নূর মোহাম্মদ জানান, ঘটনার সময় তিনি কুমিল্লা শহরে ছিলেন। পরে শিশু দুটিকে তাঁর কাছে নিয়ে আসা হয়। অভাবের সংসারে সন্তানদের নিয়ে কষ্টে দিন কাটছে জানিয়ে তিনি পুলিশের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘অভাবের সংসারে শিশুদের নিয়ে কষ্টে আছি। পুলিশ সুপারের কাছ থেকে মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও অর্থ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন গত বুধবার সন্ধ্যায় জানান, ঘটনাটি পুলিশের নজরে আসার পর পুলিশ সুপারের পক্ষ থেকে শিশু দুটির জন্য শিশুখাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। পুলিশ শিশু দুটির পাশে রয়েছে বলেও জানান তিনি।










