শুক্রবার ১৬ অক্টোবর, ২০২৬

সারা দেশে দুর্গাপূজার ২৭২৭ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - BGB
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া দুর্গম এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য স্থাপন করা হয়েছে ২১টি বেস ক্যাম্প। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ও বিশেষ মনিটরিং সেল।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি দায়িত্ব পালন করছে। এর মধ্যে সীমান্তবর্তী ১ হাজার ৪২৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি দুর্গম এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ২১টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা কার্যক্রম সমন্বয় ও পরিস্থিতি পর্যবেক্ষণে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ চালু করা হয়েছে। একই সঙ্গে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং সেল।

এদিকে, দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও উসকানিমূলক সংবাদ ছড়ানোর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার অনুরোধ জানিয়েছে বাহিনীটি।

আরও পড়ুন