
মোটরসাইকেলের পেছনের ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি সামনের দিকেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত নিয়ম অনুসরণ করে এ নম্বরপ্লেট স্থাপন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিআরটিএর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি সংযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার করতে হয়। তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও জোরদার করার লক্ষ্যে এবার মোটরসাইকেলের সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রাথমিকভাবে মোটরসাইকেলের মালিকদের নিজ উদ্যোগে নির্ধারিত মান অনুযায়ী ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।
নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের পটভূমি সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা কালো রঙের হতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের নকশা বা শোভাবর্ধন করা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন নম্বর একটিমাত্র আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে।
বিআরটিএ স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের আকারও আলাদাভাবে নির্ধারণ করেছে।
নির্দেশনা অনুযায়ী, স্কুটারের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। এতে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এসব নম্বরপ্লেটেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত মান অনুসরণ করে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









