শুক্রবার ১৬ অক্টোবর, ২০২৬

কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত, কুমিল্লায় আরও ৫১৯ জন আটক

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla -Anti-teen-gang operations continue, another 519 detained in Comilla
কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত, কুমিল্লায় আরও ৫১৯ জন আটক/ছবি: সংগৃহীত

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আরও ৫১৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) অংশ নেয়।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোরদের উৎপাত ও অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান চালানো হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে স্কুলছাত্র অপ্রতিম হত্যাকাণ্ডের পর জেলার ১৮টি থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করে পুলিশ। এ পর্যন্ত প্রায় তিন হাজার কিশোরকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে বিভিন্ন অপরাধে জড়িত আট শতাধিক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ।

আরও পড়ুন