
কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার শিক্ষার্থীকে সিলেটের একটি মাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ১২ অক্টোবর থেকে নিখোঁজ ছিল ১০ থেকে ১৫ বছর বয়সী ওই চার শিক্ষার্থী। তাদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল অভিযান চালায়।
বুধবার (১৪ অক্টোবর) এ তথ্য জানা গেছে। এর আগে শিক্ষার্থীদের নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তাদের সন্ধানে অভিযান শুরু করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ করছিল। সর্বশেষ মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে ডিবির একটি দল শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে সিলেটের একটি মাজার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
তবে কী কারণে শিক্ষার্থীরা বাড়ি ছেড়েছিল, কীভাবে তারা সিলেটে পৌঁছেছিল এবং উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।










