
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে উপজেলার নাথেরপেটুয়া এলাকার বিপুলেশ্বর বড়কাচি বড় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
লালমাই হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোস্তফা কামাল (৬০) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাচিহাট গ্রামের মৃত নলি মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাথেরপেটুয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ১৬ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহতদের মধ্যে মোস্তফা কামালকে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক রেকারের মাধ্যমে সরিয়ে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে লালমাই হাইওয়ে ক্রসিং থানার ওসি ওসমান গনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।










