
কুমিল্লার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার ২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্তের আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর বাগানবাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ কেজি গাঁজা ও ২ হাজার ২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেন বিজিবি সদস্যরা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক পাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।









