শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬

কুমিল্লা-চাঁদপুর সড়কে চলন্ত বাসে নবজাতকের জন্ম, পাশে দাঁড়ালেন যাত্রী-চালকরা

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Newborn delivered on a moving bus on the Comilla-Chandpur road, passengers and the driver stepped in to help.
কুমিল্লা-চাঁদপুর সড়কে চলন্ত বাসে নবজাতকের জন্ম, পাশে দাঁড়ালেন যাত্রী-চালকরা/ছবি: সংগৃহীত

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে আইদি পরিবহনের একটি চলন্ত বাসে সন্তান প্রসব করেছেন এক নারী। প্রসূতির সংকটময় মুহূর্তে এগিয়ে আসেন বাসের যাত্রী, চালক ও স্টাফরা। তাঁদের সম্মিলিত সহযোগিতায় বাসের মধ্যেই নিরাপদে জন্ম নেয় নবজাতক। ব্যতিক্রমী এ ঘটনায় আনন্দ ও আবেগে ভরে ওঠে বাসের পরিবেশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিজরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বাসের যাত্রী ও ঘটনার প্রত্যক্ষদর্শী আল আমিনের ফেসবুক পোস্ট সূত্রে জানা যায়, ওই দিন চাঁদপুরের ওয়ারলেস এলাকা থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আইদি পরিবহনের একটি বাসে ওঠেন এক ব্যক্তি। বাসটি জগৎপুর বাজার অতিক্রম করার পর তিনি চালকের কাছে আশপাশে কোনো হাসপাতাল আছে কি না জানতে চান। চালক তাঁকে মুদাফরগঞ্জ বাজারে হাসপাতাল থাকার কথা জানান।

তবে বাসটি মুদাফরগঞ্জ বাজার পেরিয়ে বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই ব্যক্তি চালককে বাস থামানোর অনুরোধ করেন। জানান, তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কিছুক্ষণ পর তিনি আবারও চালকের কাছে গিয়ে স্ত্রীর প্রসবব্যথা শুরু হওয়ার কথা জানান।

এ সময় বাসের পেছনের দিকে থাকা এক নারী যাত্রী জানান, প্রসূতির নবজাতকের মাথা বের হয়ে এসেছে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে আল আমিনসহ কয়েকজন যাত্রী দ্রুত বাস থামানোর অনুরোধ করেন। পরে বিজরা বাজার এলাকায় বাসটি থামানো হয়।

এরপর প্রসূতির স্বামীকে সঙ্গে নিয়ে কাছের একটি হাসপাতালে যান আল আমিন। সেখানে চিকিৎসক উপস্থিত না থাকলেও কয়েকজন নার্স ছিলেন। প্রথমে চিকিৎসক ছাড়া প্রসূতির কাছে যেতে অনীহা প্রকাশ করেন তাঁরা। পরে আল আমিন মুঠোফোনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে জরুরি পরিস্থিতির কথা জানান। চিকিৎসক বাসা থেকে রওনা হওয়ার কথা জানিয়ে নার্সদের দ্রুত প্রসূতির কাছে যাওয়ার নির্দেশ দেন।

পরে নার্সদের নিয়ে বাসে ফিরে আসেন আল আমিন। সেখানে গিয়ে তাঁরা বুঝতে পারেন, প্রসবপ্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এ অবস্থায় প্রসূতিকে বাস থেকে নামানো বা নাড়াচাড়া না করে সেখানেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে নির্ধারিত যাত্রাবিরতি ও বাস চলাচলের সিরিয়াল নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়েন চালক ও স্টাফরা। একই সিরিয়ালের অন্য বাস চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা ছিল তাঁদের। তবে যাত্রীরা পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে সহযোগিতার অনুরোধ জানান। তাঁরা বলেন, প্রয়োজনে অন্য গাড়িতে করে গন্তব্যে চলে যাবেন, কিন্তু সংকটময় মুহূর্তে প্রসূতিকে বাস থেকে সরানো ঠিক হবে না।

যাত্রীদের এমন মানবিক অনুরোধে সাড়া দেন চালক ও স্টাফরাও। তাঁদের সম্মিলিত সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই বাসের ভেতর জন্ম নেয় নবজাতক। নতুন অতিথির আগমনে মুহূর্তেই বাসের পরিবেশ বদলে যায়। আনন্দ ও স্বস্তিতে মেতে ওঠেন যাত্রীরা। অনেকে নবজাতককে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্মৃতি ধরে রাখতে ছবিও তোলেন।

এ ঘটনায় আইদি পরিবহনের চালক, স্টাফ ও সহযাত্রীদের মানবিক ভূমিকার প্রশংসা করেন প্রত্যক্ষদর্শী আল আমিন। পরবর্তী সময়ে আইদি পরিবহন কর্তৃপক্ষ অন্য একটি বাসের ব্যবস্থা করে সব যাত্রীকে তাঁদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়।

উল্লেখ্য, চলন্ত বাসে সন্তান জন্ম দেওয়ার এই ঘটনা কেবল একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা নয়, বরং বিপদের মুহূর্তে অপরিচিত মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত। যাত্রী, চালক ও পরিবহনকর্মীদের সম্মিলিত সহযোগিতায় নতুন প্রাণের আগমন যেন আবারও প্রমাণ করল—মানবিকতা ও সহমর্মিতা এখনো মানুষের হৃদয়ে বেঁচে আছে।

আরও পড়ুন