মঙ্গলবার ৫ মে, ২০২৬

কুমিল্লার মনোহরগঞ্জে শিক্ষার্থীদের নৈতিকতা গঠনে সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Morality development meeting and quiz competition with students in Manoharganj, Cumilla
কুমিল্লার মনোহরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে নৈতিকতা উন্নয়ন সভা ও কুইজ প্রতিযোগিতা/ছবি: প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) উপজেলার নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে জেলা তথ্য অফিস, কুমিল্লা এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মনোহরগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে সচেতন নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সে জন্য তরুণদের নির্বাচনি ইশতেহার সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তারা আরও বলেন, তারুণ্যের প্রকৃত শক্তি হওয়া উচিত নৈতিকতা ও মূল্যবোধ। নৈতিক অবক্ষয় সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।

অনুষ্ঠানে পারিবারিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, নৈতিকতা ও মূল্যবোধ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ, যা পরিবার থেকেই গড়ে ওঠে।

সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন