
কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে বড় উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। বর্তমানে নগরীতে প্রায় ৪৮ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করলেও নিবন্ধনের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার অটোরিকশাকে অনুমোদন দেওয়া হবে। নির্ধারিত সংখ্যার বাইরে কিংবা ভুয়া লাইসেন্স প্লেট ব্যবহার করে অটোরিকশা চালালে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প-সংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান কুসিকের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই ব্যাটারিচালিত অটোরিকশা নিবন্ধনের কার্যক্রম শুরু হবে। নিবন্ধিত প্রতিটি অটোরিকশায় চীন থেকে আমদানি করা বিশেষ নিরাপত্তাসম্পন্ন লাইসেন্স প্লেট সংযুক্ত করা হবে। এসব প্লেটে অন্তত আটটি আধুনিক সিকিউরিটি ফিচার থাকবে, ফলে জাল বা নকল প্লেট ব্যবহার কার্যত অসম্ভব হয়ে পড়বে।
প্রশাসক বলেন, কেউ প্রতারণার মাধ্যমে ভুয়া লাইসেন্স প্লেট ব্যবহার করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নগরীতে অতিরিক্ত সংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশার কারণে যানজট দিন দিন তীব্র আকার ধারণ করছে। পাশাপাশি বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে অনেক মানুষ আহত হচ্ছেন, কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। এসব সমস্যা কমিয়ে নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে ইউসুফ মোল্লা টিপু বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণের এই উদ্যোগে কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব নেই। এটি সম্পূর্ণভাবে নগরবাসীর স্বার্থ ও জনকল্যাণ বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পরিকল্পিত নগর গড়ে তুলতে মানুষকে হাঁটার অভ্যাসেও উৎসাহিত করতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এতে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









