বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ভাইভা শুরু, প্রার্থীদের জন্য যেসব নির্দেশনা

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla -Viva voce for the appointment of heads of educational institutions begins, guidelines for candidates
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ভাইভা শুরু, প্রার্থীদের জন্য যেসব নির্দেশনা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগে মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে এ পরীক্ষা শুরু হয়।

এনটিআরসিএর নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন ১২টি বোর্ডে মোট ৪২০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বোর্ডে অংশ নেবেন ৩৫ জন প্রার্থী।

জানা গেছে, প্রতিটি বোর্ডের প্রার্থীদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটি গ্রুপে ১৭ জন এবং অন্য গ্রুপে ১৮ জন প্রার্থী রয়েছেন। প্রতিদিন সকাল ৯টা ও বেলা ২টায় দুই গ্রুপের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী দিনগুলোতেও একই কাঠামো অনুসরণ করে পরীক্ষা নেওয়া হবে।

এনটিআরসিএর নির্দেশনা অনুযায়ী, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক প্রার্থীকে তাঁদের দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত হতে হবে। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্রের মূল কপি এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি সঙ্গে রাখতে হবে।

এর আগে, ২০২৬ সালের ১৮ এপ্রিল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২২ এপ্রিল এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন।

উত্তীর্ণ এসব প্রার্থীর মধ্য থেকে নির্ধারিত প্রক্রিয়ায় মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানসহ সংশ্লিষ্ট পদগুলোতে নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন