
প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় সবুজায়নের লক্ষ্যকে সামনে রেখে লাখাই থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) থানা চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগান লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ।
এ সময় তার সাথে থানার অন্যান্য পুলিশ সদস্য ও কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র ছাড়াও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
চারা রোপণকালে পুলিশ কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, চারপাশের সৌন্দর্য বাড়ানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল ও সবুজ পৃথিবী রেখে যাওয়ার অঙ্গীকার থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, পুলিশের এমন পদক্ষেপ এলাকায় পরিবেশ নিয়ে জনসচেতনতা তৈরি করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।










