
দেশের জাতীয় মহাসড়কগুলোতে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
‘Improving the Reliability and Safety on National Highways Corridors of Bangladesh by Introduction of Intelligent Transport System (ITS)’ শীর্ষক প্রকল্পের আওতায় স্থাপিত ট্রাফিক ব্যবস্থাপনা কেন্দ্রে (টিএমসি) সংগৃহীত তথ্য-উপাত্ত হাইওয়ে পুলিশের সঙ্গে আদান-প্রদান ও কার্যকরভাবে ব্যবহারের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমান। এ ছাড়া হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকে হাইওয়ে পুলিশের পক্ষে স্বাক্ষর করেন পুলিশের ডিআইজি (প্রশাসন) মো. শামসুল আলম। অন্যদিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে স্বাক্ষর করেন রোড ডিজাইন অ্যান্ড সেফটি সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. তানভীর সিদ্দীক।
সংশ্লিষ্টরা জানান, এ সমঝোতা স্মারকের ফলে ট্রাফিক ব্যবস্থাপনা কেন্দ্রে সংগৃহীত তথ্য-উপাত্ত দুই প্রতিষ্ঠানের মধ্যে আদান-প্রদান ও ব্যবহারের প্রক্রিয়া আরও সহজ হবে। এর মাধ্যমে মহাসড়কের যান চলাচল পর্যবেক্ষণ, ট্রাফিক নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সমন্বয় বাড়বে।
একই সঙ্গে জাতীয় মহাসড়কগুলোতে নিরাপত্তা ও যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ দেশের মহাসড়ক ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করবে।







