সোমবার ২৩ নভেম্বর, ২০২৬

চাঁদপুরে অনলাইন জুয়ার টাকা জোগাড়ে বলি হলেন নানি, হত্যায় জড়িত ১৬ বছরের নাতি

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Grandmother falls victim to 16-year-old grandson in Chandpur, murder committed to fund online gambling
চাঁদপুরে অনলাইন জুয়ার টাকা জোগাড়ে বলি হলেন নানি, হত্যায় জড়িত ১৬ বছরের নাতি

চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকায় নিজ বাসায় হাত-পা বেঁধে গলা কেটে বৃদ্ধা লুৎফুন্নাহারকে (৬৫) হত্যার ঘটনায় তারই ১৬ বছর বয়সী নাতি সিয়াম প্রধানিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনলাইনে জুয়া খেলে টাকা হারানোর পর সেই টাকা জোগাড় করতে নানিকে হত্যার পরিকল্পনা করে সে। হত্যার পর স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় সিয়াম।

ঘটনার ৪২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে হত্যার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের জোড়পুকুরপাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি কক্ষে লুৎফুন্নাহারকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ওই মাসের ১ নভেম্বর থেকে ভবনটির একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন তিনি।

এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে নিহতের নাতি সিয়ামের সংশ্লিষ্টতা শনাক্ত করে পুলিশ। পরে রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জোড়পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর জানান, জিজ্ঞাসাবাদে সিয়াম অনলাইনে জুয়া খেলার বিষয়টি স্বীকার করে। জুয়ায় টাকা হারিয়ে তা পরিশোধের জন্য সে একাই নানিকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন নানির বাসায় ঢুকে প্রথমে তার হাত-মুখ বেঁধে ফেলে। এরপর ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যার পর নানির গলার স্বর্ণের চেইন, আংটি, এক জোড়া কানের দুল ও মোবাইল ফোন নিয়ে সেখান থেকে চলে যায়।

পুলিশ আরও জানায়, সিয়ামের দেখানো মতে নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার টয়লেটের পাইপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার নিজ বাড়ির শয়নকক্ষের স্টিলের আলমারির নিচ থেকে চুরি করা স্বর্ণের চেইন, আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সিয়াম প্রধানিয়া মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে নিহত লুৎফুন্নাহারের তৃতীয় মেয়ে জান্নাত বেগমের বড় ছেলে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামে। তার বাবার নাম হোসেন প্রধানিয়া।

আরও পড়ুন