মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬

সেনাবাহিনীর প্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - The Prime Minister drove a military vehicle with the Army Chief seated beside him.
সেনাবাহিনীর প্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে নিজেই সামরিক গাড়ির চালকের আসনে বসেন সরকারপ্রধান। এ সময় সেনাপ্রধান ছিলেন তার পাশের আসনে।

প্রধানমন্ত্রীর সামরিক যান চালানোর একটি ভিডিও ইতোমধ্যে সামনে এসেছে। ভিডিওতে দেখা যায়, সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে সামরিক যান চালিয়ে স্বর্ণদ্বীপের প্রশিক্ষণ এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। এ সময় সামরিক বাহিনীর কয়েকজন সদস্যও তাদের সঙ্গে ছিলেন।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।

সেখানে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত পর্যায়ের অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষায়িত বাহিনীর সমন্বয়ে এই যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে।

মহড়া পর্যবেক্ষণের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। এ সময় অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

এই বিশেষ যৌথ মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে পরিচালিত হচ্ছে এ অনুশীলন।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা দ্বীপ স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত এক যুগের বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণেও একাধিক যৌথ অনুশীলনের আয়োজন করা হয়েছে। তবে এবারই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একসঙ্গে এ ধরনের বিশেষ যৌথ মহড়ায় অংশ নিচ্ছে।

আরও পড়ুন