সোমবার ২৩ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রি, ফেনীতে দুই দোকানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla -Two shops in Feni fined for stocking and selling banned polythene
নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রি, ফেনীতে দুই দোকানকে জরিমানা/ছবি: সংগৃহীত

ফেনী শহরের বড়বাজারে নিষিদ্ধ পলিথিনের মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি দোকান থেকে ১০০ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে দুই দোকানিকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। অভিযানে বড়বাজারের ফাতেমা পেপার হাউজ থেকে ৪০ কেজি এবং নামবিহীন একটি দোকান থেকে ৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে ফাতেমা পেপার হাউজকে ২ হাজার টাকা এবং অপর দোকানটিকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাওন শওকত প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন। এ সময় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাওন শওকত জানান, পরিবেশ সুরক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে ফেনী জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন