
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট স্থগিত করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। সোমবার (১২ অক্টোবর) সকালে সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকার কারণে আগামী ২১ অক্টোবর পর্যন্ত তাদের বিএস৩৮১ ও বিএস৩৮২ নম্বর ফ্লাইটের সব যাত্রা বাতিল করা হয়েছে। ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারণ করা হলে সংশ্লিষ্ট যাত্রীদের তা জানিয়ে দেওয়া হবে।
এ অবস্থায় যাত্রীদের আপাতত বিমানবন্দরে যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি ফ্লাইটের সর্বশেষ অবস্থা, পুনরায় টিকিট বুকিং এবং অন্যান্য তথ্য জানতে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট সেলস কাউন্টার অথবা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে রিয়াদের বর্তমান পরিস্থিতির কারণে গত তিন দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী মোট ১০টি ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, হুথি হামলার কারণে শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদিয়ার তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া এসব ফ্লাইটের মোট যাত্রীর সংখ্যা ছিল ৩ হাজার ৪৩১ জন। ফ্লাইট বাতিল হওয়ায় সৌদিগামী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।







