সোমবার ১২ অক্টোবর, ২০২৬

কন্যাশিশু বোঝা নয়, সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Girl children are not a burden, but a source of potential- President.
/ছবি : সংগৃহীত

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং সমাজে তাদের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কন্যাশিশু কোনো বোঝা নয়, বরং অফুরন্ত সম্ভাবনার উৎস। তাদের শিক্ষা, নিরাপত্তা ও সার্বিক বিকাশ নিশ্চিত করা সবার দায়িত্ব।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার করা হয়।

রাষ্ট্রপতি বলেন, কন্যাশিশুর শিক্ষা কোনো দয়া নয়, এটি তার মৌলিক অধিকার। একইভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব। একটি কন্যাশিশুর জন্ম নতুন স্বপ্ন, সম্ভাবনা এবং ভবিষ্যতের একজন গর্বিত নাগরিকের আগমনের বার্তা বহন করে।

নারী ও কন্যাশিশুকে পিছিয়ে রেখে কোনো সমাজ বা জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না উল্লেখ করে তিনি বলেন, এক ডানায় ভর করে যেমন কোনো পাখি উড়তে পারে না, তেমনি নারী ও কন্যাশিশুর সমান অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

চলতি বছরের কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাল্যবিয়ে একটি শিশুর শৈশব থামিয়ে দেয় এবং তার সম্ভাবনাকে নষ্ট করে। এ কারণে বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এসব অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি বিপদে দ্রুত সহায়তা পেতে ১০৯, ১০৯৮ ও ৯৯৯ নম্বরের হেল্পলাইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অভিভাবকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, কন্যাশিশুকে বোঝা মনে না করে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও কল্যাণে বিনিয়োগ করতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও আত্মনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলোকে কন্যাশিশুর প্রতি অবহেলার মানসিকতা পরিবর্তনে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কন্যাশিশুদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, শিক্ষাকে গুরুত্ব দিতে হবে এবং বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। অন্যায় বা নির্যাতনের শিকার হলে নীরব না থেকে বিশ্বস্ত অভিভাবক, শিক্ষক কিংবা সংশ্লিষ্ট হেল্পলাইনের সহায়তা নিতে হবে।

অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট সচিব এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন