সোমবার ১২ অক্টোবর, ২০২৬

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি, কোন ধাপ কখন

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Election commission
নির্বাচন কমিশন/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে পাঁচ ধাপে এ নির্বাচন শেষ হবে ২৭ মে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১১টার দিকে শুরু হওয়া সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সভায় চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের পাশাপাশি সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণের বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির অবস্থা ও রক্ষণাবেক্ষণ, জাতীয় পরিচয়পত্র ছাপানো, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আলোচ্যসূচিতে ছিল।

সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদন এবং অন্যান্য বিবিধ বিষয় নিয়েও আলোচনা করা হয়।

আরও পড়ুন