বুধবার ২৫ নভেম্বর, ২০২৬

খামারে হরিণ পালন করে বাণিজ্যিক বিক্রির সুযোগ দিতে আইন করছে সরকার

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - Amin ur Rashid Yasin
খামারে হরিণ পালন/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির সুযোগ তৈরি করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে। প্রয়োজনীয় আইন তৈরির কাজও এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, হরিণ বন্যপ্রাণী হওয়ায় এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সরাসরি আওতাধীন নয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয়ের অধীনে। এ কারণে হরিণ পালন ও ব্যবস্থাপনার বিষয়ে ওই কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় প্রয়োজন।

তবে খামারে প্রতিপালিত হরিণের বাণিজ্যিক ব্যবহারের বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানান তিনি।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে খামারে বন্যপ্রাণী পালনের অনুমতি রয়েছে। প্রকৃতি থেকে বন্যপ্রাণী ধরে এনে ব্যবসা করা এবং খামারে নিয়ম মেনে প্রতিপালনের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার করা সম্পূর্ণ আলাদা বিষয়।

তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে অনেক বন্যপ্রাণী প্রকৃতি থেকে ধরে আনা নিষিদ্ধ থাকলেও খামারে প্রতিপালনের মাধ্যমে সেগুলো বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ রয়েছে। বাংলাদেশেও এ ধরনের ব্যবস্থা চালুর লক্ষ্যে দুই মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা করে প্রয়োজনীয় আইন প্রণয়নের কাজ চলছে।

এদিকে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারা দেশে সপ্তাহটি উদযাপন করা হবে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ পদক প্রদান, সচেতনতামূলক কার্যক্রম, র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, রেসিপি প্রতিযোগিতা ও প্রদর্শনীসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি পদক দেওয়া হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে স্বর্ণ ও রৌপ্যপদকে ভূষিত করা হবে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন