
কুমিল্লার বরুড়ায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রসারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মরহুম এ কে এম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার ৮৪৫ শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি প্রদান ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী দুই ধাপে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মরহুম এ কে এম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহের বানু আডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. আবদুল হক, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান রনি, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, সিনিয়র সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক, বরুড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৃত্তি পরীক্ষায় বরুড়া উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট ১ হাজার ৮৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন গ্রেডে বৃত্তি, সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এর মধ্যে পঞ্চম ও অষ্টম শ্রেণির ট্যালেন্টপুল গ্রেডে ৮০ জন এবং সাধারণ গ্রেডে ৯০ জনসহ মোট ১৭০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। পাশাপাশি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সাত শিক্ষার্থীকে নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলজুড়ে তৈরি হয় সবুজের আবহ।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবু সায়েম বলেন, ‘আগামীর বাংলাদেশকে সুন্দর ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি আলোকিত জাতি গঠনে আমি সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে চাই। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
দিনব্যাপী আয়োজনের শেষপর্যায়ে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ট্যালেন্টপুল, সাধারণ ও কোটা ভিত্তিক বিভিন্ন শ্রেণিতে বৃত্তি, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।
শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে ফাউন্ডেশনের এ আয়োজন স্থানীয় শিক্ষা ও সামাজিক অঙ্গনে ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।










