
কুমিল্লার বরুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকা পরিবহনের একটি বাস খাদে পড়ে আতিকুল্লাহ সবুজ (২২) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার দেওড়া ফকিরা মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুল্লাহ সবুজ বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের হাজারপাড় গ্রামের বাসিন্দা।
বাসটির চালক মনিরের ভাষ্য অনুযায়ী, স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় তিনি বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটি চালাচ্ছিলেন মনির, যিনি বাসটির মালিকও।
এদিকে দুর্ঘটনায় নিহত হেলপার সবুজের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতা আবদুল জলিল। তিনি জানান, নিহতের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি বলাকা বাস মালিক সমিতির পক্ষ থেকেও আর্থিক সহযোগিতা করা হবে। দুর্ঘটনায় আহত পাঁচ যাত্রীর চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসের সহকারী নিহত হয়েছেন। মরদেহসহ বাসটি থানায় নিয়ে আসা হবে। দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের একটি খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










