
কুমিল্লার দেবিদ্বারে কোনো অবৈধ ইটভাটা বা ইট পোড়ানোর চুল্লি চালু রাখতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেছেন, যারা নতুন করে ইটভাটার চুঙ্গা নির্মাণ করছেন কিংবা অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। প্রয়োজনে তৈরি করা ইট ভেঙে সমান করে দেওয়া হবে।
দেবিদ্বারের সড়ক রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ও মাটিচোরের কারণে এলাকার নবনির্মিত রাস্তাঘাট ছয় মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবছর এসব সড়ক সংস্কারে সরকারের বিপুল অর্থ ব্যয় করার সুযোগ নেই। তাই এখন থেকে দেবিদ্বার-চান্দিনা সড়কে কোনো অতিরিক্ত বোঝাই ট্রাক চলাচল করতে দেওয়া হবে না। নিয়ম অমান্য করে কোনো ট্রাক চলাচল করলে চালক কিংবা মালিক যত প্রভাবশালীই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। অতিরিক্ত বোঝাই ট্রাক পাওয়া গেলে সংশ্লিষ্ট চালক বা মালিককে নিজ দায়িত্বে এক কিলোমিটার রাস্তা নির্মাণ করে দিতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে জাফরগঞ্জ-বিষ্ণুপুর সংযোগ সেতু নির্মাণের লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা ও গোমতী নদীর ভাঙন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, জাফরগঞ্জ-বিষ্ণুপুর সংযোগ সেতু নির্মাণ এবং গোমতী নদীর ভাঙন রোধে ‘লুপ কাটিং’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করবেন তিনি। পাশাপাশি এসব সমস্যার স্থায়ী সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।
অবৈধভাবে মাটি কাটার সঙ্গে স্থানীয়দের একাংশের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করে সংসদ সদস্য বলেন, পুলিশের পর্যাপ্ত লজিস্টিক সহায়তা না থাকায় সব অপরাধীকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয় না। এ অবস্থায় মাটিখেকো ও অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধী যত প্রভাবশালী নেতাই হোক, অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
রাজনৈতিক বিভেদ ভুলে অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনে রাজনৈতিক দল ভিন্ন হতে পারে, কিন্তু দিনশেষে দেবিদ্বারের মানুষের পক্ষ মূলত দুটি—একটি অপরাধী চক্র, অন্যটি সাধারণ জনগণ। একদিকে দুর্নীতিবাজ শ্রেণি, অন্যদিকে সাধারণ মানুষ। তাই দল-মত নির্বিশেষে সবাইকে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।










