
কুমিল্লার বিবিরবাজার সীমান্তবর্তী এলাকায় গোমতী নদীতে নদীবন্দর স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম। এ সময় নদীর নাব্যতা, ভৌগোলিক অবস্থান ও আন্তর্জাতিক নৌবন্দর স্থাপনের সম্ভাব্য বিভিন্ন দিক পর্যালোচনা করেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গোমতী নদী ও বিবিরবাজার স্থলবন্দর এলাকা পরিদর্শন করে।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী জাতীয় সংসদে বিবিরবাজার সীমান্তবর্তী গোমতী নদীতে নদীবন্দর স্থাপনের দাবি উত্থাপন করেন। তাঁর এ দাবির পরিপ্রেক্ষিতেই নদীবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে বিআইডব্লিউটিএর এই পরিদর্শন।
পরিদর্শনকালে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর সদস্য (পরিঃ পরিঃ) মো. সাজেদুর রহমান, পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মো. সাইফুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা) মো. মহিউদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে কুমিল্লা সার্কিট হাউজে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ও তাঁর প্রতিনিধিদল।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম বলেন, নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তাঁরা গোমতী নদী পরিদর্শন করেছেন। এখানে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপনের বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার পথে এগিয়ে যেতে চান তাঁরা।
গোমতী নদীতে নদীবন্দর স্থাপিত হলে কুমিল্লার সীমান্তবর্তী এলাকার বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ, পণ্য পরিবহনে নতুন সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।









