
কুমিল্লা নগরীর কান্দিরপাড়, পুলিশ লাইন্স ও ঝাউতলা এলাকায় ফল, ডিম, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার দেখাতে না পারায় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বেলা ১১টা থেকে এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
ভোক্তার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, অভিযানে কান্দিরপাড় এলাকার ফলের দোকানগুলোতে বিশেষভাবে তদারকি করা হয়। এ সময় মিজানের ফল দোকানকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া ফল বিতানকে ৫ হাজার টাকা, জাহির ফল দোকানকে ৩ হাজার টাকা, হোসের ফল দোকানকে ৩ হাজার টাকা, গাজীপুর ফলের দোকানকে ৩ হাজার টাকা এবং মাইশা ফলের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ফল বিক্রি এবং পণ্য ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পারার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বিক্রয় কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।










