রবিবার ৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় অনুষ্ঠিত হল জাতীয় বারোয়ারি বিতর্ক ২০২৬

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় অনুষ্ঠিত হল জাতীয় বারোয়ারি বিতর্ক ২০২৬

‘চোখের তারায় স্বপ্ন ভাসে…’—এই ভাবনাকে কেন্দ্র করে যুক্তি, বুদ্ধিবৃত্তিক চিন্তা, তাৎক্ষণিক বিশ্লেষণ ও সাবলীল উপস্থাপনায় কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় বারোয়ারি বিতর্ক ২০২৬’।

শনিবার (৩ অক্টোবর) রোটারি ক্লাব অব কুমিল্লার কনফারেন্স রুমে লিডারশিপ লঞ্চপ্যাড একাডেমি ও রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লার যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা সরকারি উইমেন্স কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

আয়োজনে মোট ১২ জন প্রতিযোগী সরাসরি বারোয়ারি বিতর্কে অংশগ্রহণ করেন। নির্ধারিত ‘চোখের তারায় স্বপ্ন ভাসে…’ বিষয়কে ঘিরে তাঁরা নিজেদের চিন্তা, অভিজ্ঞতা, যুক্তি ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

প্রতিযোগীদের যুক্তি উপস্থাপন, বিষয়ভিত্তিক বিশ্লেষণ, বাচনভঙ্গি, উপস্থাপনা, আত্মবিশ্বাস এবং তাৎক্ষণিক চিন্তাশক্তির ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান ইতি। দ্বিতীয় হন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া নওশিন ঐশী এবং তৃতীয় স্থান অর্জন করেন কুমিল্লা সরকারি উইমেন্স কলেজের শিক্ষার্থী আরবি আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মু. নাঈম আলীমুল হায়দার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান।

প্রতিযোগিতার বিচারক ছিলেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম আহমেদ, ভাষা প্রশিক্ষক, স্মার্ট টক একাডেমির প্রতিষ্ঠাতা, বক্তা ও তরুণ নেতৃত্বকর্মী হাসান মাহমুদ তারেক এবং বাংলাদেশ জাতীয় বিতর্ক সমিতির সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন।

বিচারকরা প্রতিযোগীদের যুক্তি, বিষয়ভিত্তিক বিশ্লেষণ, বাচনভঙ্গি, উপস্থাপনা ও তাৎক্ষণিক চিন্তাশক্তির ওপর ভিত্তি করে মূল্যায়ন করেন।

তাঁরা বলেন, বারোয়ারি বিতর্ক একজন বিতার্কিকের নিজস্ব চিন্তা, উপস্থাপনশৈলী ও সম্ভাবনাকে প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। নির্দিষ্ট পক্ষ-বিপক্ষের কাঠামোর বাইরে নিজের চিন্তা ও দৃষ্টিভঙ্গি নিজের ভাষায় প্রকাশের সুযোগ থাকায় এ ধরনের বিতর্কে একজন প্রতিযোগীর ব্যক্তিগত সক্ষমতা ও সৃজনশীলতা আরও স্পষ্ট হয়ে ওঠে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডারশিপ লঞ্চপ্যাড একাডেমির সাধারণ সম্পাদক সাবেকুন নাহার সেতু। তাঁর সাবলীল সঞ্চালনায় পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজন চলাকালে লিডারশিপ লঞ্চপ্যাড একাডেমির সভাপতি তাহসিন সাফকাত অংশগ্রহণকারীদের সঙ্গে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে আয়োজন সম্পর্কে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও গঠনমূলক মতামতও সংগ্রহ করা হয়।

আয়োজকরা জানান, তরুণদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের সক্ষমতা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। লিডারশিপ লঞ্চপ্যাড একাডেমির নেতৃত্ব ও জনসমক্ষে বক্তব্য প্রদানের দক্ষতা উন্নয়নের কার্যক্রম এবং রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লার তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যকে সমন্বিত করে এ আয়োজন করা হয়।

আয়োজনটির পৃষ্ঠপোষক ছিল চৌধুরী অ্যান্ড অ্যাসোসিয়েটস।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন তরুণদের শুধু বিতর্কের মঞ্চে নিজেদের প্রকাশের সুযোগ দেয় না; বরং চিন্তাকে গুছিয়ে উপস্থাপন, যুক্তি দিয়ে কথা বলা, ভিন্নমতকে বোঝা এবং আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেওয়ার সক্ষমতা তৈরি করে।

‘চোখের তারায় স্বপ্ন ভাসে…’—এই ভাবনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত এবারের বিতর্ক তাই প্রতিযোগিতার পাশাপাশি কুমিল্লার তরুণদের স্বপ্ন, চিন্তা ও সম্ভাবনা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে।

আরও পড়ুন