রবিবার ২২ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি

Rising Cumilla - 4 members of an online gambling ring arrested in Habiganj
হবিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম প্রেসক্লাবের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শায়েস্তাগঞ্জ পুরাতন বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন। পরে রাত আনুমানিক ২টা ২০ মিনিটে অভিযান চালালে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ওই চার ব্যক্তি। এ সময় তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের মো. আব্দুর রউফ (৩৪), একই উপজেলার শানখলা ঘোড়ামি গ্রামের মো. আনরুল মিয়া (২৬), শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের মনু মিয়া (৪৯) এবং একই উপজেলার ইয়া‌লা মক্রমপুর গ্রামের মো. শরিফ উদ্দিন (২১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা 7E77, BGD88, Bee999 ও 558H.COM অ্যাপস ব্যবহার করে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন