
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে শিগগিরই এসএমই নীতিমালা প্রণয়ন ও কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকল্প নেই। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার। সে লক্ষ্যেই ২৫ লাখ মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি উদ্যোক্তাদের বিকাশ ও শিল্পের প্রসারে একটি কার্যকর এসএমই নীতিমালা প্রণয়নের কাজ চলছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে।
তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, বছরের পর বছর চাকরির পেছনে না ছুটে নিজেদের চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে। তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে, যাতে তারা নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি করতে পারেন।
দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন, বিক্রয় এবং বাজার সম্প্রসারণের সুযোগ করে দিতে সাত দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মেলার উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী আটটি ক্যাটাগরিতে আটজন সফল উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন।
পুরস্কারের বিভাগগুলো হলো—বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য সামনে রেখে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে অংশ নিয়েছেন ৩৮০ জন উদ্যোক্তা। মেলার মাধ্যমে দেশীয় পণ্যের পরিচিতি বৃদ্ধি, উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং নতুন বাজার সৃষ্টির সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।








