
ফেনীর মাঠজুড়ে এখন সোনালি আমন ধানের সমারোহ। কোথাও পাকা ধানের ভারে নুয়ে পড়েছে গাছ, কোথাও কাটা ধান পড়ে আছে জমিতে। আবার অনেক কৃষক আগেভাগেই ধান কেটে বাড়ির উঠানে তুলে নিয়েছেন। তবে ফসল ঘরে তোলার এই ব্যস্ত সময়ে বৈরী আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টি কৃষকদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। সময়মতো ধান কেটে শুকিয়ে মাড়াই করতে না পারলে উৎপাদিত ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা।
জেলার বিভিন্ন উপজেলা ঘুরে জানা গেছে, বর্তমানে রোপা আমন ধান কাটার মৌসুম চলছে। অনেক কৃষক ইতোমধ্যে জমির বড় একটি অংশের ধান কেটে ফেলেছেন। তবে বৃষ্টির কারণে কাটা ধান শুকানো ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে, জমিতে থাকা পাকা ধান দ্রুত কাটতে না পারলে বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সরেজমিনে জেলার বিভিন্ন এলাকার কৃষিজমি ঘুরে দেখা যায়, কোথাও জমিতে কাটা ধান স্তূপ করে রাখা হয়েছে, কোথাও পাকা ধানের গাছ নুয়ে পড়েছে। আবার অনেক কৃষক বাড়ির উঠানে কেটে আনা ধান শুকানোর চেষ্টা করছেন। কিন্তু শুক্রবার থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ধান শুকানোর পরিবেশ ব্যাহত হচ্ছে। ফলে একদিকে জমির অবশিষ্ট ধান কাটা, অন্যদিকে কাটা ধান সংরক্ষণ—দুই নিয়েই বিপাকে পড়েছেন কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে ফেনী জেলায় ৬৬ হাজার ৮৩৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের ধান ৭৬ হেক্টর, উচ্চফলনশীল (উফশী) জাতের ৬৪ হাজার ৯৮৬ হেক্টর এবং স্থানীয় জাতের ধান ১ হাজার ৭৭৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। বর্তমানে মাঠের ৪৭ শতাংশ ধান পেকে কাটার উপযোগী হয়েছে। এরই মধ্যে মোট আবাদি জমির ২৮ শতাংশের ধান কর্তন করা হয়েছে।
পরশুরাম উপজেলার কৃষক মো. রফিক বলেন, অনেক কষ্ট করে জমির ধান কেটে বাড়ির উঠানে এনেছি। পরিকল্পনা ছিল রোদে শুকিয়ে দ্রুত মাড়াই করার। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ধান শুকানো যাচ্ছে না। জমিতে এখনো কিছু ধান রয়েছে। বৃষ্টি বাড়লে সেসব ধানও ক্ষতিগ্রস্ত হতে পারে।
সোনাগাজী উপজেলার কৃষক শফিক মিয়া বলেন, আবহাওয়া ভালো থাকলে এখনই জমির ধান কাটা শুরু করতেন। কিন্তু ঝোড়ো বাতাসে প্রায় ৪০ শতকের বেশি জমির পাকা ধান নুয়ে পড়েছে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন পরিস্থিতিতে কীভাবে ক্ষতি সামাল দেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
এ বিষয়ে সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আবহাওয়ার কিছুটা অবনতি হয়েছে। তবে শনিবার থেকে পরিস্থিতির অনেকটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার কারণে অনেক কৃষকের ধান সংগ্রহে বিঘ্ন ঘটছে বলে তারা জানতে পেরেছেন। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কৃষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।









