
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিতব্য বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন চা বাগানের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জাকির হোসেন।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি উপজেলার আমু চা বাগান ও চান্দপুর চা বাগানের ভোটকেন্দ্রগুলো সরেজমিনে ঘুরে দেখেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটকেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় চা শ্রমিকদের সাথে কথা বলেন ও তাদের সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শনকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ আট বছরের প্রতীক্ষা শেষে আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং: বি-৭৭) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের অধীনে গঠিত বাচাশ্রই নির্বাচন কমিশন, ২০২৬-এর পরিচালক ও সদস্যসচিব মো. আব্দুল আল আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের তথ্যমতে, আগামী ২৮ নভেম্বর দেশের ২৩১টি চা-বাগান ও পঞ্চায়েত এলাকায় একযোগে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর ভোটের সুযোগ সৃষ্টি হওয়ায় চুনারুঘাটসহ দেশের সকল চা-বাগান অঞ্চলে এখন উৎসবমুখর নির্বাচনী আমেজ বিরাজ করছে।









