
১৬ বছর বা তার কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে একটি কার্যকর নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ নীতিমালা তৈরির লক্ষ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে।
একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
এ ছাড়া শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণ এবং এ বিষয়ে নীতিমালা প্রণয়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। রুলের জবাব দিতে সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর জনস্বার্থে এ রিট আবেদনটি দায়ের করেন।
আদালতের আদেশের পর আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, দেশে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে তারা নানা ধরনের নেতিবাচক প্রভাবের মুখে পড়ছে। অনেক শিশুর মধ্যে একাকীত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে, যা তাদের স্বাভাবিক মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।
রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর একটি গবেষণার তথ্যও তুলে ধরা হয়েছে। গবেষণা অনুযায়ী, ঢাকার পাঁচ শিশুর মধ্যে চারজনেরও বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় বিভিন্ন ডিজিটাল পর্দার সামনে কাটায়। শিশুদের বিনোদনমূলক কাজে পর্দা ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সময়সীমার চেয়েও তাদের ব্যবহার বেশি।
গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করে বলে উল্লেখ করা হয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী শিশুদের এক-তৃতীয়াংশের বেশি চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। এ ছাড়া প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল পর্দায় কাটানো শিশুদের ঘুমের সময়ও তুলনামূলক কম। তারা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এ বয়সী শিশুদের শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।
গবেষণায় আরও উঠে এসেছে, অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। দীর্ঘ সময় ডিজিটাল পর্দায় ব্যস্ত থাকা শিশুদের মধ্যে এ প্রবণতা তুলনামূলক বেশি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার সক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার ঝুঁকিও রয়েছে। এতে শিশুদের সামগ্রিক মানসিক স্বাস্থ্য ও সুস্থতা ক্ষতিগ্রস্ত হতে পারে।










