রবিবার ২ আগস্ট, ২০২৬

কুমিল্লা ও ফরিদপুরের সঙ্গে বগুড়াকেও বিভাগ করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - Process for Bogura Division to be advanced alongside Faridpur and Cumilla- Mir Shahe Alam
ফরিদপুর-কুমিল্লার সঙ্গে বগুড়া বিভাগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম/ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর কুমিল্লা, ফরিদপুর ও বগুড়া বিভাগ বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১ আগস্ট) বিকেলে বগুড়ার শিবগঞ্জে তিনদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিবগঞ্জ গোলচত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “বগুড়া বিভাগের বিষয়ে মুখ্য সচিব এবং আমি এখনো প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করিনি। প্রধানমন্ত্রী সবার সঙ্গে কথা বলে সম্মতি দিলে ফরিদপুর এবং কুমিল্লার পাশাপাশি বগুড়া বিভাগের বাস্তবায়ন প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হবে।”

এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকার বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে চায়।

প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ ও পরিচর্যা করা সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। চলতি বছরে ৫ কোটি চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হলেও দেশের সব বিভাগ মিলিয়ে প্রায় ৬ কোটি ৮০ লাখ চারা রোপণ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বৃক্ষমেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় উপজেলার ১৫টি নার্সারি ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা নিয়ে অংশগ্রহণ করেছে। এ সময় তিনি সাধারণ মানুষকে বাড়ির আঙিনা ও খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

পরে শিবগঞ্জে নবনির্মিত একটি হেলিপ্যাডেরও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আরও পড়ুন