শনিবার ২৭ জুন, ২০২৬

কুমিল্লার শ্রীবল্লভপুর এলাকায় নকল ওষুধসহ বিপুল সরঞ্জাম জব্দ, আটক ১

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লার শ্রীবল্লভপুর এলাকায় নকল ওষুধসহ বিপুল সরঞ্জাম জব্দ, আটক ১
কুমিল্লার শ্রীবল্লভপুর এলাকায় নকল ওষুধসহ বিপুল সরঞ্জাম জব্দ, আটক ১/ছবি: সংগৃহীত

কুমিল্লা মহানগরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষুধ, কেমিক্যাল ও ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় নকল ওষুধ উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত প্রায় ১১টা ৫০ মিনিট পর্যন্ত কুমিল্লা মহানগরের পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন শ্রীবল্লভপুর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ সহযোগিতা করে।

অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি অননুমোদিত নকল ক্যাপসুল, ট্যাবলেট ও সিরাপসহ ১৮ হাজার ৬৬০ পিস ওষুধ উদ্ধার করা হয়।

এছাড়া প্রায় ১০০ কেজি কেমিক্যাল পাউডার, ৭ লিটার তরল কেমিক্যাল, প্রায় ২০ হাজার ওষুধের লেবেল, ১৫ কেজি ফয়েল পেপার এবং নকল ওষুধ তৈরির তিনটি মেশিন জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তির নাম জুনায়েদ ইসলাম (৩০)। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীনিবাস এলাকার বাসিন্দা।

অভিযান শেষে জব্দ করা মালামাল সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এনএসআই সূত্র জানায়, কুমিল্লা বিসিক শিল্পনগরীর একটি গুদামে দীর্ঘদিন ধরে এসব অবৈধ সামগ্রী মজুদের তথ্য পাওয়া যায়। পরে নজরদারি শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

সংস্থাটি জানিয়েছে, নকল ওষুধ উৎপাদন ও সরবরাহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন