
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের অভিযানে ৩৬০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপও জব্দ করা হয়।
রোববার (১৯ জুলাই) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানের সময় একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়ি আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৩৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন শাকিল (পিতা: শফিক)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কালতা গ্রামের বাসিন্দা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।










