শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬

চাঁদপুর-শরীয়তপুর নৌপথে দুর্ঘটনা, প্রাণ গেল শিশুর

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - Arrest
প্রতীকি ছবি/সংগৃহীত

শরীয়তপুর-চাঁদপুর নৌপথের বেড়াচাক্কি চ্যানেলে ফেরির সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে তরিকুল ইসলাম নামে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মেঘনা নদীর এ চ্যানেলে দুর্ঘটনাটি ঘটে।

বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টার দিকে ‘কাকলি’ নামের একটি ফেরি চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের দিকে যাচ্ছিল। মেঘনা নদীর মূল অংশ অতিক্রম করে ফেরিটি বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়।

হঠাৎ এ সংঘর্ষে ফেরিতে অবস্থানরত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধাক্কার তীব্রতায় ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় ১১ বছর বয়সী তরিকুল ইসলামের মাথা ফেরিতে থাকা একটি বাসের সঙ্গে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।

নিহত তরিকুল ইসলামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলায়।

এদিকে, দুর্ঘটনার পর বাল্কহেডটি আটক করেছে নৌ পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে বাল্কহেডটি সজোরে আঘাত করে। এতে ফেরিতে থাকা অনেক যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন