বুধবার ২২ এপ্রিল, ২০২৬

হজ করতে সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ যাত্রী, মৃত্যু ১ জনের

রাইজিং কুমিল্লা ডেস্ক

Hajj
ফাইল চিত্র।

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পবিত্র হজ পালনের জন্য ২০ হাজার ৫৫৩ জন সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে এখন পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ পোর্টালে প্রকাশিত বুলেটিনের তথ্যমতে, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৬৯৩ জন।

এদিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১ বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নইম উদ্দীন মন্ডল নামে ওই ব্যক্তির বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এ ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৩০ জুন।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

আরও পড়ুন