
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল থেকে দেশের বিভিন্ন বেসরকারি বাস কোম্পানি কাউন্টার ও অনলাইন—উভয় মাধ্যমেই টিকিট বিক্রি শুরু করে।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বঘোষণা অনুযায়ী সকাল থেকেই যাত্রীরা বিভিন্ন রুটের আগাম টিকিট সংগ্রহ করতে শুরু করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য এসব অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।
বাস কোম্পানিগুলো তাদের নিজস্ব কাউন্টার ছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম এবং ফেসবুক পেইজের মাধ্যমে টিকিট বিক্রির ঘোষণা দেয়। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কাউন্টারে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, শুক্রবার সকাল থেকেই তাদের সব রুটের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট বিক্রি করা হচ্ছে।
তিনি বলেন, “সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ২৪ মে রাতের, ২৫ মে পুরো দিনের এবং ২৬ মে সকালের যাত্রার টিকিটে। সরকারি ছুটি শুরু হওয়ায় এসব দিনের টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে।”
তিনি আরও জানান, সকাল ১০টার মধ্যেই জনপ্রিয় কয়েকটি রুটের অধিকাংশ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে।
এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। অনলাইন ও কাউন্টার—দুই ক্ষেত্রেই একই ভাড়া কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করা হবে বলেও জানিয়েছে সংগঠনটি।









