
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে পূর্ণাঙ্গ রূপ পেল দেশের আইনসভা বাংলাদেশ জাতীয় সংসদ।
রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এই শপথ গ্রহণের মধ্য দিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদের সকল আসন পূর্ণতা লাভ করে।
এর আগে গত ৩০ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন প্রার্থীর গেজেট প্রকাশ করে।
রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই শেষে ৪৯ জন বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
এদের মধ্যে— বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোট থেকে ৩৬ জন। বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট থেকে ১২ জন। স্বতন্ত্র জোট থেকে ১ জন প্রার্থী নির্বাচিত হন।
বিএনপি জোটের নির্বাচিত নারী এমপিদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোটের ১২ এমপি হলেন- নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি: মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি: মাহবুবা হাকিম।
এছাড়া স্বতন্ত্র জোটের সুলতানা জেসমিনকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।








