
কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে লক্ষ্মীপুরে পুলিশের দ্বিতীয় দিনের বিশেষ অভিযানে ১৮২ জনকে আটক করা হয়েছে। জেলার ছয়টি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) এলাকায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালায়। এতে মোট ১৮২ জনকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে লক্ষ্মীপুর সদর থানায় ৬০ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ২৪ জন, রামগঞ্জ থানায় ২৪ জন, রামগতি থানায় ১৩ জন, কমলনগর থানায় ১৭ জন এবং ডিবি পুলিশের অভিযানে ২৩ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে থাকে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।









