
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় একটি নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে হাসপাতাল চত্বরে শিশুটির কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, কর্তব্যরত এক আয়া ময়লার স্তূপের পাশ থেকে শিশুর কান্নার শব্দ শুনে বিষয়টি দায়িত্বে থাকা নার্সদের জানান। পরে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে জীবিত উদ্ধার করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান জানান, উদ্ধার করার পরপরই শিশুটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ ও উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। তিনি বলেন, “আমি নিজেও একজন মা। খবরটি শুনে খুব কষ্ট পেয়েছি।”
তিনি আরও জানান, শিশুটির সর্বোচ্চ নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে কীভাবে নবজাতকটি হাসপাতালের ময়লার স্তূপে এল, সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত শিশুটির অভিভাবক বা দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নবজাতকটির পরিচয় কিংবা তার অভিভাবকদের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।










