
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নতুন এই কূপ থেকে প্রতিদিন ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
জানা গেছে, গত বছরের ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয়। ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খননের পর কূপটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।
পরবর্তীতে গত ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে এই কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক সরবরাহের পর এবার আনুষ্ঠানিকভাবে কূপটির উৎপাদন কার্যক্রম উদ্বোধন করা হলো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি কূপ উৎপাদনে রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
নতুন ২৮ নম্বর কূপের গ্যাস যুক্ত হওয়ায় জাতীয় গ্রিডে তিতাস গ্যাসক্ষেত্রের সরবরাহ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।









