বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টন ভারতীয় জিরাসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Three detained with 10 tonnes of Indian cumin in Brahmanbaria.
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টন ভারতীয় জিরাসহ তিনজন আটক/ছবি: সংগৃহী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় ১০ টন ২০ কেজি জিরাসহ তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন—ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান। তাদের বাড়ি সিলেট ও রাজশাহী জেলায়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুপুরে এ তথ্য জানানো হয়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে শাহবাজপুর এলাকায় বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় ১০ হাজার ২০ কেজি জিরা পাওয়া যায়।

তিনি জানান, ট্রাকে থাকা ব্যক্তিদের জিরার বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে তারা তা উপস্থাপন করতে পারেননি। পরে জিরাগুলো জব্দ করা হয় এবং ট্রাকে থাকা তিনজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন