রবিবার ৬ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় কম তেল দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Filling station fined Tk 1 lakh in Brahmanbaria for dispensing less fuel.
ব্রাহ্মণবাড়িয়ায় কম তেল দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি ৫ লিটার তেলে ২০০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগে মেসার্স আরেফিস ট্রেডার্স নামের একটি জ্বালানি বিক্রয় প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর মোল্লাবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি জানান, মেসার্স আরেফিস ট্রেডার্সে পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটি প্রতি লিটারে ক্রেতাদের কম তেল দিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে প্রতি পাঁচ লিটার তেলে ২০০ মিলিলিটার করে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির মালিক মুসলিম আহমেদ শাহেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানটির মালিককে সতর্ক করা হয় এবং পরিমাপে সঠিকতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন