
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষা ও জাতি গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।
সম্মাননা পাওয়া শিক্ষকদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন রয়েছেন। এছাড়া চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩ জন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪ জন শিক্ষক সম্মাননা পেয়েছেন।
এর পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও সাতজন শিক্ষককেও বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
সম্মাননার অংশ হিসেবে প্রত্যেক গুণী শিক্ষককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।
জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়া, তাদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।
অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। শিক্ষকতার মহান পেশায় অবদান রাখা শিক্ষকদের সম্মান ও স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে তাদের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।











