রবিবার ৩১ মে, ২০২৬

বাংলাদেশে শনিবার ঈদুল ফিতর, শাওয়ালের চাঁদ দেখা যায়নি

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে চলতি রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামী শনিবার (২১ মার্চ) দেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

সভা শেষে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে আগামী শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ওই দিনই উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল বুধবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। সেখানে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। সে হিসেবে আগে থেকেই ধারণা করা হচ্ছিল, বাংলাদেশে ঈদ শনিবার পালিত হবে। সাধারণত সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে রোজা শুরু হয় এবং ঈদ উদযাপন করা হয়।

উল্লেখ্য, এবার ঈদ উদযাপন নিয়ে মুসলিম বিশ্বে স্পষ্ট বিভক্তি দেখা যাচ্ছে। টানা তিন দিন ধরে বিভিন্ন দেশে ঈদ উদযাপন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার আফগানিস্তান, নাইজার ও মালিতে ঈদুল ফিতর পালিত হয়েছে। তাদের সঙ্গে মিল রেখে বাংলাদেশের চাঁদপুরের একটি গ্রামেও ঈদ উদযাপন করা হয়েছে। তবে সেখানে ঈদের জামাতে মুসল্লি উপস্থিত ছিলেন মাত্র সাতজন।

আরও পড়ুন