
চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ফেনীর পরশুরাম সীমান্তে একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাঁদের ছেলে। তাঁদের ছেলে প্রলয় মজুমদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকার রিপন মজুমদার (৫৫), তাঁর স্ত্রী ডলি মজুমদার (৪৮) ও ছেলে প্রলয় মজুমদার (২৬)।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা গেছে, নিজকালিকাপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২১৫৯/৩-এস-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে বেরিবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মজুমদার জানান, তিনি দীর্ঘদিন ধরে আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম) রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে দীর্ঘদিন ধরে ভিসার অপেক্ষা করেও কোনো সাড়া পাননি। পরে স্থানীয় হাসান নামের এক দালালের মাধ্যমে ৬০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পরিকল্পনা করেন তাঁরা।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের পরশুরাম মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।









