বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬

​হবিগঞ্জে নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদনে সচেতনতার আহ্বান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি

​হবিগঞ্জের লাখাই উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দুপুর বেলা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

​র‍্যালির অগ্রভাগে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

​র‍্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান।

​”রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে ধারণ করে আলোচনা সভার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন, বর্তমান অবস্থা এবং নিরাপদ মাংস, ডিম ও দুধ প্রাপ্তি নিশ্চিত করতে করণীয় বিষয় উপস্থাপন করা হয়। আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদসহ খামারিরা।

​বক্তারা বলেন, হাওরাঞ্চল বেষ্টিত লাখাই প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধির একটি সম্ভাবনাময় অঞ্চল। উপজেলাটি ডিম, মাংস ও দুধ উৎপাদনে বর্তমানে নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্তের কাছাকাছি পর্যায়ে রয়েছে। তাই এ ক্ষেত্রে উদ্বৃত্ত উপজেলা হিসেবে উত্তরণে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। শুধু মাংস, ডিম ও দুধের উৎপাদন বৃদ্ধি করলেই হবে না, তা হতে হবে নিরাপদ। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ।

​এ চ্যালেঞ্জ মোকাবিলায় অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া যত্রতত্র পোল্ট্রি ফার্ম গড়ে ওঠা এবং সঠিক মনিটরিংয়ের অভাবে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে, যা জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে। পাশাপাশি গবাদিপশু—গরু ও ছাগলের মাংস প্রক্রিয়াজাতকরণে কোনো আধুনিক কসাইখানা না থাকায় যে যার মতো পশু জবাই করে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিপণন করা হচ্ছে, এতে নিরাপদ মাংস প্রাপ্তি বাধাগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন