শনিবার ২৮ নভেম্বর, ২০২৬

পাঁচ বছরে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - Government plans to construct 500 km of expressways over five years
পাঁচ বছরে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট কমাতে পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সাথে দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করে একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের পরিকল্পনায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ডেমরা, জয়দেবপুর-ময়মনসিংহ, গাবতলী-নবীনগর এবং রংপুর-ভোগড়া সড়ক করিডরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম সড়ক ২৩২ কিলোমিটার, রামপুরা-ডেমরা ১৩ কিলোমিটার, জয়দেবপুর-ময়মনসিংহ ৮৫ কিলোমিটার, গাবতলী-নবীনগর ২৪ কিলোমিটার এবং রংপুর-ভোগড়া ২৬০ কিলোমিটার দীর্ঘ।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে তৈরি অ্যাকশন ম্যাট্রিক্সে এসব উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিডের মাধ্যমে দেশের সব জেলার সাথে চার লেনের মহাসড়কের যোগাযোগ প্রতিষ্ঠার পাশাপাশি সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল, শিল্পাঞ্চল ও সীমান্তবর্তী এলাকার সাথে উন্নত সড়ক যোগাযোগ গড়ে তোলা হবে। এ ছাড়া এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সাথেও সংযোগ শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

কর্মপরিকল্পনায় শুধু এক্সপ্রেসওয়ে নির্মাণ নয়, গ্রামীণ সড়ক পাকাকরণ, গুরুত্বপূর্ণ নদীর ওপর নতুন সেতু নির্মাণ, মহাসড়কের সক্ষমতা বৃদ্ধি, নগর পরিবহনব্যবস্থার আধুনিকায়ন, সড়ক দখলমুক্ত করা এবং দুর্ঘটনা কমাতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

পরিকল্পনা বাস্তবায়নের নেতৃত্বে থাকবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সহযোগিতা করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), স্থানীয় সরকার বিভাগ, বিআরটিএ, বিআরটিসি এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

তিন হাজার কিলোমিটার সড়কের ম্যাপিং

কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডরের ম্যাপিং করা হবে। যেসব সড়কে যানবাহনের চাপ বেশি, পণ্য ও যাত্রী পরিবহনের চাহিদা রয়েছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

ম্যাপিংয়ের মাধ্যমে সম্ভাব্য করিডর, সংযোগ সড়ক এবং গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হবে। পরবর্তী এক বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পাঁচ বছরের মধ্যে জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড সম্প্রসারণের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার মধ্যে চার লেনের মহাসড়কভিত্তিক যোগাযোগ প্রতিষ্ঠা এবং গুরুত্বপূর্ণ বন্দর ও অর্থনৈতিক অঞ্চলের সাথে পণ্য পরিবহন সহজ করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, এমন একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে দেশের সব জেলা চার লেনের মহাসড়কের সাথে যুক্ত হবে। এতে রাজধানীর সাথে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সড়ক যোগাযোগও শক্তিশালী হবে।

মন্ত্রী আরও বলেন, পাঁচ বছরের কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

পাকা হবে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কও

জাতীয় মহাসড়কের পাশাপাশি গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে সরকার। পর্যায়ক্রমে দেশের সব গ্রামীণ সড়ক পাকা করার পরিকল্পনা রয়েছে।

এ লক্ষ্যে প্রথম ছয় মাসে যেসব এলাকার সাথে মহাসড়ক, স্থানীয় বাজার ও বাণিজ্যিক কেন্দ্রের যোগাযোগ দুর্বল, সেগুলো চিহ্নিত করা হবে। বিশেষ করে কৃষিপণ্য উৎপাদনকারী এলাকা, প্রত্যন্ত জনপদ ও যোগাযোগ সুবিধাবঞ্চিত গ্রামগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

এক বছরের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত গ্রামীণ সড়কগুলোতে বড় পরিসরে পাকাকরণ কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। পাঁচ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোকে অর্থনৈতিক করিডরের সংযোগ সড়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এতে কৃষকরা দ্রুত উৎপাদিত পণ্য স্থানীয় বাজার ও বড় বাণিজ্যিক কেন্দ্রে নিতে পারবেন। পাশাপাশি গ্রামীণ মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সুবিধা গ্রহণ সহজ হবে।

সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে পানি নিষ্কাশনব্যবস্থা, কালভার্ট ও ছোট সেতুর সক্ষমতা বাড়ানোর বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। বর্ষা মৌসুমে সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যা মোকাবিলায় এসব অবকাঠামোর উন্নয়ন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভারী যানবাহনের ওজন নিয়ন্ত্রণে উদ্যোগ

অতিরিক্ত ভারী যানবাহনের চাপে মহাসড়কের স্থায়িত্ব কমে যাওয়া এবং রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রথম ছয় মাসের মধ্যে জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে। এক বছরের মধ্যে সারা দেশে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ স্টেশনের সংখ্যা বাড়ানো হবে। পাঁচ বছরের মধ্যে পূর্ণাঙ্গ জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ ও প্রয়োগব্যবস্থা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ব্যবস্থার আওতায় পণ্যবাহী ট্রাকসহ ভারী যানবাহনের নির্ধারিত ওজনসীমা অতিক্রমের বিষয়টি নজরদারিতে আনা হবে। প্রযুক্তি ও মনিটরিং ব্যবস্থার মাধ্যমে অতিরিক্ত ওজন বহনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড বাস্তবায়নের আগে দেশের গুরুত্বপূর্ণ সড়ক করিডরগুলো চিহ্নিত করা হবে। প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য করিডরের ম্যাপিং করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, যানবাহনের চাপ, পণ্য পরিবহনের চাহিদা, শিল্পাঞ্চলের অবস্থান ও আঞ্চলিক যোগাযোগের প্রয়োজন বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। পাঁচ বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হবে। পাশাপাশি অর্থায়ন ও জমি অধিগ্রহণের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

নতুন পাঁচটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের পরিকল্পনা

সরকারের পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনায় দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর ওপর নতুন সেতু নির্মাণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু এবং ভোলা-বরিশাল সেতু।

প্রথম ছয় মাসের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু এবং দ্বিতীয় পদ্মা সেতুর (পাটুরিয়া-দৌলতদিয়া) সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এক বছরের মধ্যে এ দুটি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সমীক্ষায় প্রকল্পগুলোর কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা, নির্মাণ ব্যয়, পরিবেশগত প্রভাব এবং বাস্তবায়নের উপযোগিতা যাচাই করা হবে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের বিষয়টিও পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।

এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিম, উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। বিশেষ করে নদীবেষ্টিত অঞ্চলগুলোর সাথে রাজধানী ও অন্যান্য অর্থনৈতিক কেন্দ্রের যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, কার্যকর এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে শুধু সড়ক নির্মাণ করলেই হবে না, পুরো করিডরের কারিগরি সক্ষমতাও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কোথায় নতুন সড়ক প্রয়োজন, কোথায় বিদ্যমান মহাসড়ক সম্প্রসারণ করা সম্ভব এবং কোথায় নতুন সংযোগ সড়ক নির্মাণ করতে হবে, তা ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে। এক্সপ্রেসওয়ের নকশা, নির্মাণমান, নিরাপত্তা, পানি নিষ্কাশন এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দিতে হবে।

বাস্তবায়নে রয়েছে নানা চ্যালেঞ্জ

পরিবহন বিশেষজ্ঞদের মতে, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় একটি অংশ সড়ক পরিবহনের ওপর নির্ভরশীল। শিল্পকারখানার কাঁচামাল আনা, উৎপাদিত পণ্য বাজারজাত করা, কৃষিপণ্য পরিবহন এবং যাত্রী চলাচলে সড়ক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপ, অপর্যাপ্ত সড়ক সক্ষমতা, বাজারকেন্দ্রিক যানজট ও দুর্বল সংযোগব্যবস্থার কারণে পরিবহন ব্যয় বাড়ছে।

বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলেন, দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে এক্সপ্রেসওয়ে নির্মাণের আগে কোন রুটে কী পরিমাণ যানবাহন চলাচল করে এবং আগামী ২০ থেকে ৩০ বছরে পরিবহন চাহিদা কতটা বাড়তে পারে, তা বিবেচনায় নিতে হবে।

তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই যানজটের সমাধান হবে না। সড়ক ব্যবস্থাপনা, গণপরিবহন, পণ্য পরিবহন, পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় থাকতে হবে।

তার মতে, নতুন সড়ক নির্মাণের পরও পরিকল্পনাহীন সংযোগ, বাজার ও অবৈধ পার্কিংয়ের কারণে যানজট তৈরি হতে পারে। তাই এক্সপ্রেসওয়ের পাশাপাশি সংযোগ সড়ক, নিরাপদ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা এবং গণপরিবহনব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হবে।

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্য বাস্তবায়নে প্রকল্প প্রস্তুতি, অর্থায়ন ও জমি অধিগ্রহণের কাজ আগেভাগেই এগিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।

সরকারের কর্মপরিকল্পনায় এসব উদ্যোগকে ২০২৬-২০৩১ মেয়াদের পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে সম্পৃক্ত করা হয়েছে। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনেও উন্নত সড়ক যোগাযোগব্যবস্থাকে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।

তবে পরিকল্পনা বাস্তবায়নে বিপুল অর্থায়ন নিশ্চিত করা, জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, নির্মাণকাজের মান নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সূত্র: বাসস

 

আরও পড়ুন