শনিবার ১৭ অক্টোবর, ২০২৬

দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Government to conduct cleanliness drives across the country- Agriculture Minister
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী/ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, পরিচ্ছন্নতা বলতে শুধু রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করাকে বোঝায় না; বরং যেখানে যত ধরনের নিয়মবহির্ভূত কর্মকাণ্ড রয়েছে, সেগুলোকেও পরিচ্ছন্নতার আওতায় আনা হবে।

শনিবার (১৭ অক্টোবর) বেলা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি জায়গায় সরকার পরিচ্ছন্নতা অভিযান চালাবে। পরিচ্ছন্নতা বলতে শুধু রাস্তার ময়লা-আবর্জনাকে বুঝবেন না। যেখানে যত নিয়মবহির্ভূত কর্মকাণ্ড রয়েছে, সেগুলোকেও পরিচ্ছন্নতার আওতায় আনা হবে। একদিনে সবকিছু সম্পন্ন করা সম্ভব নয়। তবে সব জায়গাতেই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, নিয়ম অনুযায়ী কৃষি খাতের দায়িত্বে থাকায় এ হাসপাতালে তাঁর আসার কথা নয়। তবে তাঁর বাড়ি কুমিল্লায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি বড় হাসপাতালে একটি করে কমিটি গঠন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কমিটির সভাপতি হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় হওয়ায় এখানকার অনেকের সঙ্গে তাঁর পরিচয় রয়েছে। হাসপাতালে অনিয়ম রয়েছে এবং সবকিছু ইতোমধ্যে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে—এমন দাবি সঠিক নয়। তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে, সব ধরনের অপরিচ্ছন্নতা দূর করতে হবে। এ কার্যক্রম শুধু ড্রেন পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; জনস্বার্থে ও দেশের প্রয়োজনে যেখানে পরিচ্ছন্নতা প্রয়োজন, সেখানেই অভিযান চালানো হবে।

মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল থেকেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়। কুমিল্লা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

এ সময় ড্রেন পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং হাসপাতালের আশপাশে জমে থাকা বর্জ্য সরানোর কাজ করা হয়। পরে মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন নিজেও ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজে অংশ নেন।

কর্মসূচিতে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাছান এবং হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন